ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জুলাই যোদ্ধাদের ‘দায়মুক্তি অধ্যাদেশ’ খসড়া চূড়ান্ত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। এই উদ্যোগের মাধ্যমে জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট শাসনের দোসরদের হাতে শাস্তি বা প্রতিশোধের হাত থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।


ড. আসিফ জানান, জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য তাদের দায়মুক্তি নিশ্চিত করা প্রয়োজন।


তিনি আরও লিখেছেন, এ ধরনের আইন প্রণয়ন বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্তসহ বিভিন্ন সমসাময়িক বিপ্লবের কথাও উল্লেখ করেছেন, যেখানে গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় এ ধরনের আইন প্রণয়ন করা হয়েছিল।


আইন উপদেষ্টা মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের সংবিধান ৪৬ অনুচ্ছেদে এ ধরনের দায়মুক্তি আইনকে বৈধতা দেয়। ১৯৭৩ সালের মহান মুক্তিযুদ্ধের পরও মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্য অনুরূপ আইন প্রণয়ন করা হয়েছিল। সেই একই ধারায় এবার জুলাই অভ্যুত্থানের বীরদেরও সুরক্ষা দেওয়া হবে।


ড. আসিফ জানান, আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। আশা করা যাচ্ছে, এটি শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শেষে তিনি লিখেছেন, “জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

ads
ads
ads

Our Facebook Page

↑